তিন ব্রোকারেজ হাউজকে জরিমানা

গ্রাহক হিসেবে ঘাটতিসহ বিভিন্ন অনিয়মের কারণে তিন ব্রোকারেজ হাউজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসির ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা, সিলনেট সিকিউরিটিজকে ২ লাখ টাকা ও এমএএইচ সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মডার্ন সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, কর্মকর্তাদের মার্জিন দেওয়া, নগদ অ্যাকাউন্টে মার্জিন দেওয়া, ব্যালেন্স না থাকার পরেও বিও হিসাব থেকে টাকা পরিশোধের অনিয়ম করেছে। এ কারণে হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিলনেট সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মার্জিন দেওয়া, জেড ক্যাটাগরির শেয়ারে মার্জিন প্রদান ও নতুন শেয়ারে মার্জিন দেওয়ার অপরাধে জরিমানা করা হয়েছে। এমএএইচ সিকিউরিটিজে ব্যাক অফিসে গ্রাহকদের তালিকা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা, ব্রোকার ও ডিলার উভয় নামে দুইটি বিও হিসাব পরিচালনা, মাসিক নিট ক্যাপিটাল প্রতিবেদন যথাযথভাবে গণনা না করা, অনুমোদিত প্রতিনিধির নামে বিও পরিচালনা করা, ব্যবস্থাপনা পরিচালক ও কর্মচারীর পরিবারের সদস্যদের ঋণসুবিধা প্রদান, গ্রাহকদের রেশিওর তুলনায় অধিক মার্জিন ঋণ দিয়েছে।