সূচক বেড়েছে উভয় শেয়ারবাজারে

আগের দিনের মতো গতকাল বৃহস্পতিবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। জানা গেছে, গতকাল ডিএসইতে ডিএসইএক্স ৩৬ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৭ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৪ দশমিক ৪৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক শূন্য  দশমিক ৭৬ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪১ দশমিক ৮২, ১ হাজার ৭১৫ দশমিক ৪১ ও ১ হাজার ১ দশমিক ৩৪ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০৭ কোটি ৪৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২১টির বা ৬২ দশমিক ২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১০৯টির বা ৩০ দশমিক ৭০ শতাংশের এবং ২৫টি বা ৭ দশমিক ০৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬ দশমিক ৫৭ পয়েন্টে।