ব্রাজিলে পুরুষ ও নারী ফুটবলারদের মধ্যে আর বেতন বৈষম্য থাকবে না। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান রজারিও কাবোচলো এ তথ্য জানিয়েছেন। বিশ্বের খুব কম দেশেই এমনটা প্রচলন আছে।
এর মানে দাঁড়ালো ব্রাজিলের নারী ফুটবলার মার্তা এখন থেকে নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনহোদের মতোই সমান বেতন পাবেন। রজারিও এ প্রসঙ্গে বলেন, ‘সিবিএফ এ বছরের মার্চ থেকে পুরুষ ও নারী ফুটবলের মধ্যে পুরস্কার ও ভাতায় সাম্যতা এনেছে। এর ফলে নারী ফুটবলাররা পুরুষদের সমান আয় করছেন।’
যদিও ব্রাজিলের মেয়েরা করোনা ভাইরাসের কারণে মার্চের পর আর খেলতে নামেনি। ফলে আগামী বছরের অলিম্পিক আসর দিয়ে ব্রাজিল উদ্যোগটি বাস্তবায়ন করবে।
পাঁচবারের বিশ্বজয়ীরা ছাড়া কেবল অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ডই ফুটবলে এমন বৈষম্যহীন ব্যবস্থা রেখেছে। পরবর্তীতে বিশ্বকাপ টুর্নামেন্টগুলোতেও অনুসরণ করা হবে এ পুরস্কার ও ভাতার ব্যবস্থাটি।
নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মেয়েরা গেল বছর সেদেশের ফেডারেশনের বিরুদ্ধে বেতন বৈষ্যমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে যায়। যদিও বিচারক তাদের অভিযোগটি খারিজ করে দেন। তবে নারী দলটি এ বছরের শুরুতে ঐ রায়ের বিরুদ্ধে আপিল করেছে।