মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের পাশাপাশি প্রতিদিনই মিরপুরে আসেন শামসুর রহমান শুভ। ডানহাতি এই ওপেনার একাকী অনুশীলন করেন বিসিবি একাডেমি মাঠে। মূলত ফিটনেসের কাজই করতে দেখা যায় তাকে। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ শামসুর।
শুধু শামসুর নন, হাল সময়ে সারা দেশেই অনেক ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন। মোহাম্মদ আশরাফুলও পুরোদমে পরিশ্রম করছেন। রাজশাহীতে জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, মুন্সিগঞ্জে মেহরাব হোসেন জোসি, নারায়ণগঞ্জে রনি তালুকদাররা নিয়মিত অনুশীলন করছেন। একইভাবে দেশের আনাচে-কানাচে ঘাম ঝরাচ্ছেন অনেক ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই যা দেখা যাচ্ছে।
তাদের সবারই অবলম্বন ঘরোয়া ক্রিকেট। যেখানে এখন বিরাজ করছে রাজ্যের অন্ধকার। করোনা ভাইরাসের কারণে মাঠে খেলা নেই। অনিশ্চিত ভবিষ্যেক সামনে রেখেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন শামসুর-রনিরা। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), ঢাকার ক্লাব ক্রিকেটের এসব ক্রিকেটারদের অপেক্ষা সহসা শেষ হচ্ছে না। জানুয়ারির আগে ক্লাব ক্রিকেট শুরু হচ্ছে না। এনসিএল, বিসিএলকে ঘিরেও সুখবর নেই।
গত ১৫ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেশে করোনার প্রকোপ না কমলে ঘরোয়া ক্রিকেট শুরু হবে না। বোর্ড সভাপতির বক্তব্যের পর ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যক্রমেও তাই স্থবিরতা বিরাজ করছে। তাছাড়া বাস্তবতা হলো, বর্তমান সময়েও সারা দেশে করোনা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক নয়।
গতকাল সিসিডিএম সূত্রে জানা গেছে, ডিসেম্বর পর্যন্ত কোনো টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা নেই। সূত্র জানায়, ‘ডিসেম্বর পর্যন্ত ক্লাব ক্রিকেটে কোনো টুর্নামেন্ট হবে না। পরিস্থিতি আসলে এমনই। যদি করোনা কমে আসে তাহলে ভিন্ন কথা।’
২০১৯-২০ মৌসুম কার্যত শেষ হয়ে গেছে। ২০২০-২১ মৌসুম সঠিক সময়ে শুরু হলে আগামী মাস থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেটের তোড়জোড় দেখা যেত সিসিডিএমে। কিন্তু করোনায় থমকে আছে এসব আয়োজন।
তবে সিসিডিএমের ভাবনায় আছে ছোট পরিসরে হলেও স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের। তাই অপেক্ষায় আছে সংস্থাটি। করোনাপরবর্তী সময়ে প্রিমিয়ার লিগ দিয়েই ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় সিসিডিএম। সূত্র জানায়, ‘মৌসুম শেষ হলেও আমরা চেষ্টা করবো প্রিমিয়ার লিগ করার। সেই আশায় আছি। আর করোনা পরিস্থিতি বুঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ লিগ নিয়ে জানুয়ারির পর সিদ্ধান্ত হবে।’ প্রিমিয়ার লিগ শেষ করেই নতুন মৌসুম নিয়ে ভাববে সিসিডিএম।