বছরে ১০০ দিন কাজের চুক্তিতে ২০১৯ সালে বাংলাদেশের স্পিন কোচ হয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। কর কাটার পরও দৈনিক আড়াই হাজার ডলারে নিয়োগ পাওয়া ভেট্টোরির ১০০ দিন সম্পন্ন হয়নি গত এক বছরে। গত বছর নভেম্বরে ভারত সফরে টাইগারদের সঙ্গে কাজ করেছেন তিনি। পরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেও কিছুদিন দলের সঙ্গে ছিলেন।
আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গী হবেন এই স্পিন কোচ। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় এই সিরিজের পর ভেট্টোরি আর বাংলাদেশ শিবিরে থাকবেন কি না, নিশ্চিত নয়। লঙ্কা সফরের পর দুই পক্ষের সমাঝোতায় নির্ধারিত হবে বাংলাদেশের ক্রিকেটে কোচ হিসেবে ভেট্টোরির ভবিষ্যত্।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তার সঙ্গে বছরে ১০০ দিনের চুক্তি। এটা ছিল ২০২০ অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ ধরে। তার ১০০ দিন হয়নি। যেহেতু তার সঙ্গে দিন হিসেবে চুক্তি। সেহেতু আমরা প্রয়োজন মনে করলে তার সার্ভিসটা নিতে পারি।’
শ্রীলঙ্কা সফরজুড়ে টাইগারদের সঙ্গে থাকলেও ভেট্টোরি ১০০ দিন সম্পন্ন নাও হতে পারে। অবশিষ্ট দিনগুলোর জন্য তার সার্ভিস নেওয়া বা চুক্তি নবায়নের বিষয়টি ঠিক হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর।