কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

জনবল সংকটে চিকিত্সা কার্যক্রম ব্যাহত

জেলা সদরে অবস্থিত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সক সংকটে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণা করায় জেলার জটিল রোগীরা চিকিত্সাবঞ্চিত হচ্ছেন। জটিল রোগীদের নিয়ে হয় ময়মনসিংহ কিংবা ঢাকায় যেতে হচ্ছে। এভাবে টানাহেঁচড়া করায় বেশির ভাগ ক্ষেত্রেই সময়মতো চিকিত্সার অভাবে অনেক রোগী পথেই মারা যাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুই জন প্রশাসনিক কর্মকর্তাসহ চিকিত্সকের অনুমোদিত পদের সংখ্যা ৬৩। তারমধ্যে কর্মরত আছেন মাত্র ২৪ জন, বাকি ৩৯টি পদই শূন্য। এদিকে চিকিত্সক না থাকায় হূদরোগীদের জন্য স্থাপিত কার্ডিও পালমোনারী ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়াও ডেন্টাল, চক্ষু ইএনটি সম্পর্কিত রোগীদের অপারেশনও বন্ধ রয়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, স্বাস্থ্য বিভাগের সচিব সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এলে শূন্য পদের বিষয়টি তাকে অবহিত করা হয়। কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি অংশ সাধারণ রোগীদের চিকিত্সার জন্য উন্মুক্ত করে দেওয়ার বিষয়টিও চিন্তাভাবনা করা হচ্ছে বলে সিভিল সার্জন জানান।