মোরেলগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

মোরেলগঞ্জে খালের ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কৃষক ইদ্রিস হাওলাদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা খালে তল্লাশি করে ইদ্রিসের লাশ উদ্ধার করে। ইদ্রিস হাওলাদার বারইখালী ইউনিয়নের বহরবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

মোরেলগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম দিলিপ কুমার বাইন বলেন, পলি মাটির কারণে বিদ্যুতের খুঁটি দেবে যাওয়ায় তার কিছুটা ঝুলে ছিল। তবে রাতের আঁধারে অসতর্কতার কারণে নৌকার লগির সঙ্গে তার বেঁধে যাওয়ার কারণে কৃষক ইদ্রিস হাওলাদার খালে পড়ে যায়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।