বেসরকারি শিক্ষকদের অবসরজীবনে যাতে অর্থকষ্টে পড়তে না হয়, সেজন্য সরকার তাঁদের প্রাপ্ত বেতন থেকে ১০ শতাংশ হারে কর্তন করে অবসর সুবিধা বোর্ড গঠন করেছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, অবসর সুবিধা বোর্ডের ঘাড়ে চেপে বসা কিছু অসাধু ভূতের জন্য অবসর ও কল্যণভাতা পেতে ২ থেকে ৪ বছর পর্যন্ত সময় লেগে যায়। এতে নানা হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। ছেলেমেয়ের শিক্ষা খরচ, চিকিত্সা খরচ ও সংসার খরচ বহন করা অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য কষ্টকর। যশোরের বেনাপোল বন্দর সংলগ্ন বারোপোতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আইন উদ্দীন স্যারের মতো হাজারো শিক্ষক বিনা চিকিত্সায় মরছেন। আইন উদ্দীন স্যারের মতো আর যেন কেউ বিনা চিকিত্সায় না মারা যান, সেজন্য কোনো শিক্ষক অবসর গ্রহণের অনধিক ৩ মাসের মধ্যে সমস্ত পাওনা (অবসর ও কল্যাণভাতা) পরিশোধের জন্য ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।
মো. হুমায়ুন কবীর
সহকারী অধ্যাপক, আমিনা মনসুর ডিগ্রি কলেজ, কাজিপুর, সিরাজগঞ্জ