ধামরাইয়ে বেহাল সড়কে দুর্ভোগ

উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কার হলেও বাথুলী বাজার থেকে দক্ষিণ দিকে গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া স্বল্পদৈর্ঘ্যের সড়কটিতে বিগত এক যুগেও সংস্কারের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাথুলী বাজার ও ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে যাতায়াতের জন্য বাথুলীসহ আশপাশের কয়েকটি গ্রামের এটিই একমাত্র সড়ক। গ্রামের অধিবাসী আরশেদ আলী জানান, প্রায় ১২ বছর আগে একই গ্রামের অধিবাসী সূতিপাড়া ইউনিয়নের তত্কালীন চেয়ারম্যান প্রয়াত দেলোয়ার হোসেন সড়কটিতে ইট বিছানোর কাজ করান। তারপর আর সড়কটি মেরামত করা হয়নি। গ্রামবাসীকে অনেক কষ্ট করে কাদাপানি মাড়িয়ে খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। সড়কটির শেষ প্রান্তে অবস্থিত বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীদেরও সারা বছর অবর্ণনীয় কষ্টে এ সড়ক দিয়েই স্কুলে যাতায়াত করতে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা জানান, সড়কটি শিগিগরই মেরামত করা হবে।