দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করে আওয়ামী সরকার চেতনাসন্ত্রাস, লুটেরাসন্ত্রাস ও পাচারসন্ত্রাসের পাপ ঢাকতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মন্ত্রিসভায় অনুমোদিত ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০২০’কে দেশের গণমাধ্যমের কণ্ঠরোধের আরেকটি ‘কালাকানুন’ বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের উদ্যোগে সদ্য মরহুম কলেজের ছাত্রনেতা আবদুল আউয়াল খান ও শফিউল বারী বাবু স্মরণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীবের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির আসাদুল করিম শাহিন, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাদরেজ জামান, যুবদলের কামাল আনোয়ার, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, গোলাম সারোয়ার শামীম, এস এইচ জাবেদ, চৌধুরী হাসান জামান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।