ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরছে না। এসব রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ এবং অসত্ ব্যবসায়ীদের ত্রিমুখী আঁতাঁতে বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির চর্চা চলছে। ‘নিমতলী, চুড়িহাট্টা এবং অতঃপর :পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সুশাসনের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছে টিআইবি। দুর্ঘটনা হ্রাস করে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে ১০ দফা সুপারিশ করেছে সংস্থাটি।
সাংবাদিক সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এড়াতে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পরিষ্কার ঘাটতি রয়েছে এবং একে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের পোয়াবারো অবস্থা তৈরি হয়েছে। তল্লাশির নামে জিম্মি করে অবৈধ অর্থ আদায়ের এক ধরনের ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের জন্যও দুর্নীতি ও অনিয়মের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। কঠোরভাবে অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব না হলে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তিনি বলেন, দুর্নীতি অর্থনৈতিক ক্ষতি এবং সমাজে বিভিন্ন নেতিবাচক প্রভাব তৈরি করলেও মানুষের প্রাণহানির কারণও হতে পারে ইতিপূর্বে তা রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনায় দেখা গেছে। নিমতলী ও চুড়িহাট্টার ঘটনায় আবারও এটি প্রমাণিত হয়েছে। তাই দুর্নীতি নিয়ন্ত্রণ করে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না।
গবেষণায় বলা হয়েছে, পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার মতো ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সিদ্ধান্ত ও নির্দেশনা নিজেরাই প্রতিপালন করছে না। পাশাপাশি সরকার পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম কেন সরানো হবে না মর্মে আদালতের কারণ দর্শানোর নোটিসের জবাব দীর্ঘ ১০ বছরেও প্রদান না করায় প্রকারান্তরে আদালত অবমাননা করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম। প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম।