যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক এম শহীদুল ইসলাম। তিনি বর্তমান রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সচিব পদমর্যাদার কর্মকর্তা এম শহীদুল ইসলাম বর্তমানে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। চলতি সেপ্টেম্বরেই তার দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে। শহীদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা। তিনি দক্ষিণ                 কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়াশিংটন, জেনেভা ও কলকাতা মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আমেরিকা ও ইউরোপ উইংয়ের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দুই সন্তানের জনক।