অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গতকাল সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে অ্যাডমিরালের নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনীর প্রধানকে অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

প্রেস সচিব আরো জানান, ব্যাজ পরানো অনুষ্ঠান শেষে নতুন নৌবাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে নৌবাহিনীর প্রধানের সাফল্য এবং তাকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে সরকার সহকারী নৌবাহিনীর প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন নৌবাহিনীর প্রধান (চিফ অব ন্যাভাল স্টাফ-সিএনএস) হিসেবে নিয়োগ দেয়। গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এসংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করে। এতে বলা হয়, এই নিয়োগ ২৫ জুলাই অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হবেন।

গত ২৫ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ শাহীন ইকবাল। তিনি ১৯৮০ সালের ১ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ ও সুপরিচিত ৪০ বছরের কর্মজীবনে অ্যাডমিরাল এম শাহীন ইকবাল দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন। তিনি নৌবাহিনীর ফ্রিগেটসহ সব শ্রেণির জাহাজ ও গুরুত্বপূর্ণ ঘাঁটি কমান্ড করেন এবং নৌবাহিনীর সদর দপ্তর, আঞ্চলিক কমান্ডার ও বিভিন্ন বহিঃসংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পালন করেন। চাকরিজীবনে অ্যাডমিরাল শাহীন ইকবাল দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেন। এছাড়া জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বিশেষ অবদান রাখেন এবং আন্তর্জাতিক মেরিটাইম পরিমণ্ডলে একাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তার অসামান্য একাডেমিক সাফল্য ও পেশাদারিত্বের জন্য নৌবাহিনীর সর্বোচ্চ পদক (এনবিপি) ও নৌ উত্কর্ষ পদকে (এনইউপি) ভূষিত হন।