এনআইডি জালিয়াতি মামলায় রিমান্ডে ডা. সাবরিনা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইসির করা মামলায় রিমান্ড শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। এর আগে দুটি এনআইডি করার রহস্য উদ্ঘাটন ও তদন্তে ১ সেপ্টেম্বর সাবরিনার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পাশাপাশি এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনও করে বাড্ডা থানার পুলিশ। গত ৩০ আগস্ট প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে গুলশান থানার নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করেন।

জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় করা মামলায় অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের কারাদণ্ড হতে পারে ডা. সাবরিনার। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতারণার মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবরিনা।

দ্বৈত ভোটারে যত বড় ভিআইপি জড়িত

হোক, ব্যবস্থা নেওয়া হবে :ইসি সচিব

এদিকে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে দ্বৈত ভোটার করার ব্যাপারে যত বড় ভিআইপি জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ‘তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তের পর জানা যাবে কে জড়িত। জড়িত থাকলে সে যত বড় ভিআইপি হোক, আমরা ব্যবস্থা নিব।’

প্রতারণার মামলা স্থগিত চেয়ে আবেদন

অন্যদিকে করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ডা. সাবরিনা। নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে এই আবেদন করা হয়। সাবরিনার আইনজীবী সাইফুজ্জামান তুহিন সাংবাদিকদের বলেন, ‘এই মামলার মূল ভিত্তি বেশ কিছু ডকুমেন্টনির্ভর। সেসব ডকুমেন্ট চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলাম। কিন্তু নিম্ন আদালত আবেদন খারিজ করে দেয়।’ ঐ খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ঐ আবেদনে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

করোনা টেস্টের নামে জালিয়াতির আশ্রয় নেওয়ায় গত ২৩ জুন জেকেজির সিইও আরিফ চৌধুরীসহ পাঁচ জনকে গ্রেফতার করে তেজগাঁও থানার পুলিশ। এ ঘটনায় প্রতারণা ও জালজালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে।