সাড়ে তিন মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন শনাক্তের হার

দেশে সাড়ে তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তের হার সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এর আগে গত ১৯ মে এর চেয়ে কম ১৪ দশমিক ৮১ শতাংশের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবারের চেয়ে গতকাল ৪২৪ জন কম শনাক্ত হয়েছেন। বুধবার ১৫ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৮২ জন। দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯২ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। বুধবার এই হার ছিল ২০ দশমিক ১৩ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। বুধবারের চেয়ে গতকাল ১২৫ জন বেশি সুস্থ হয়েছেন। বুধবার সুস্থ হয়েছিলেন ২ হাজার ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৬ দশমিক ৪৬ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ৪৭ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৩০ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।