গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী হাসপাতাল বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল হক মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের খোদা বক্সের ছেলে ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক। এ ঘটনায় আরোহী সাগর হোসেনকে আটক করা হয়েছে।
নিহতের আত্মীয় যুবলীগ নেতা ও ঠিকাদার আশিকুর রহমান আকাশ জানান, রেজাউল মসজিদে মাগরিবের নামাজ শেষ করে জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলামের নিজস্ব কার্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা তিন জন বহনকারী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। আহতাবস্থায় রেজাউলকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় ধর্মচাকী গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাগরকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সাগর পড়ে গিয়ে আহত হওয়ায় গাংনী হাসপাতালে পুলিশ পাহারায় চিকিত্সাধীন রয়েছে।
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় গতকাল দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহত চালক মো. নয়ন মিয়া (২২) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রশিদনগর গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত অপর তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।