জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যেগ নিয়েছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এজন্য উভয় দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, ২০২৪ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও জাপান বাংলাদেশকে দেওয়া বাণিজ্যসুবিধা অব্যাহত রাখার চিন্তা করছে। এজন্য এফটিএ অথবা পিটিএ করা যেতে পারে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আরো বাণিজ্যসুবিধা প্রদান করলে জাপানে বাংলাদেশের রপ্তানি বাড়বে। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর পাঁচ বছর চলমান বাণিজ্যসুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান।