ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও মুক্তি দাবি

ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশির বিরুদ্ধে মামলা ও তাদের জেলহাজতে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অভিবাসন খাতের ১৯টি সংগঠনের নেটওয়ার্ক বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)। তারা এই ৮১ জনসহ দেশে ফেরার পর ভিত্তিহীন অভিযোগে আটক সব অভিবাসীকে মুক্তির দাবি জানিয়ে বলেছে, বিনা অপরাধে স্বদেশে গ্রেফতারের এমন ঘটনা ভীষণ দুঃখজনক এবং মানবাধিকারের লঙ্ঘন।

গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিদেশে যাওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শেষ করে সরকারি প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে এই ৮১ জন ভিয়েতনামে গিয়েছিলেন। কিন্তু তারা সেখানে গিয়ে চাকরি ও ঠিকমতো বেতন পাননি।