প্রণব মুখার্জির মৃত্যুতে নিউ ইয়র্কে আওয়ামী লীগের শোকসভা

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে নিউ ইয়র্কে শোকসভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের খাবারবাড়ি রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন উপমহাদেশের এই বরেণ্য রাজনীতিককে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব সময় ভারতীয় এই বর্ষীয়ান রাজনীতিক বিশ্বস্ত অভিভাবকের ন্যায় বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার পাশে ছিলেন। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণে তিনি সব সময় পরামর্শ দিয়েছেন, যা বাঙালি কখনোই ভুলবে না।’

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের সঞ্চালনায় সংক্ষিপ্ত এই শোকসভায় প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনা করে আরো বক্তব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি এনাম, প্রবাসীকল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী, উপদপ্তর সম্পাদক মালেক মিয়া, কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, শ্রমিক লীগের নেতা হোসেন সোহেল রানা, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী ফোরামের সভাপতি হারুনূর রশীদ, গিয়াস উদ্দিন, সৈয়দ কিবরিয়া, রাকিবুল হাসান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, হেলাল মিয়া, ড. সাখাওয়াত হোসেন প্রমুখ।