আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। তখন থেকে কিছু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। পরে পর্যায়ক্রমে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করে বিমান। এবার আন্তর্জাতিক রুটে বিমানের গন্তব্য হিসেবে যুক্ত হচ্ছে কাতারের নামও।
এদিকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন ঢাকা থেকে দোহার পথে সোমবার ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে এবং দোহা থেকে ঢাকার পথে একই দিন স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর থেকে এই রুটে একই সময়সূচিতে বুধবারও ফ্লাইট পরিচালিত হবে। দোহা ছাড়াও ইউএস-বাংলা ঢাকা থেকে গুয়াংজু ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
প্রসঙ্গত যে, বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দুবাই, আবুধাবি, চীন, দোহা ও কুয়ালালামপুরে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলছে।