মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। টুইটারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মোদির একাউন্ট হ্যাক করার পর হ্যাকাররা যেসব টুইট করেছিল, সেগুলো মুছে দেওয়া হয়েছে। কে বা কারা, কীভাবে মোদির টুইটার একাউন্ট হ্যাক করেছে সে ঘটনা তদন্ত করছে টুইটার কর্তৃপক্ষ। একই সঙ্গে তার টুইটার একাউন্টের অধিকতর নিরাপত্তার জন্যও কাজ করছে টুইটার।

টুইটারের মুখপাত্র বলেন, ‘আমরা গুরুত্বের সঙ্গে পরিস্থিতি তদন্ত করছি। এই মুহূর্তে আরো কোনো একাউন্টে কোনো সমস্যা হয়েছে কি না, সে ব্যাপারে আমরা অবগত নই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদির অফিশিয়াল যে কয়টি অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে টুইটার একটি। গুরুত্বপূর্ণ বিষয়ে হরহামেশাই টুইট করেন তিনি।

ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার একাউন্টটির আড়াই কোটি ফলোয়ার রয়েছে। এক টুইটে এসব ফলোয়ারের উদ্দেশে হ্যাকার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার জন্য বলেছেন। অন্য এক টুইটে বলা হয়, ‘হ্যাঁ, এই অ্যাকাউন্ট জন উইকে হ্যাক করেছে।’

টুইটারের পক্ষ থেকে সিএনএনকে জানানো হয়, তারা এ ধরনের কার্যক্রমের বিষয়ে সতর্ক এবং একাউন্টের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছে। বলা হয়, ‘পরিস্থিতি তদন্তে আমরা বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছি। তবে এ ঘটনায় তাতক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী।’—সিএনএন