করোনা মোকাবেলায় উদ্যোগী হওয়ার প্রত্যয় তরুণদের

মহামারী থেকে সৃষ্ট নানা সঙ্কট মোকাবেলায় উদ্যোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ‘লেটস টক’ নামে ভার্চুয়াল সংলাপে যোগ দিয়ে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার ‘ইয়াং বাংলা’ এ সংলাপের আয়োজন করে । এ সংলাপের উদ্বোধনী পর্বে তরুণদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আইনপ্রণেতারা।

এ পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন। সংলাপটি উপস্থাপনা করেন নবনীতা চৌধুরী।  এ সময় শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের গবেষক সেঁজুতি সাহা, বাংলাদেশ নারী টি-২০ দলের অধিনায়ক সালমা খাতুন ও ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী শাকিলা ইসলাম সংলাপে অংশ নেন।

লেটস টকের পার্টনারদের মধ্যে সামদানী আর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি রাজীব সামদানী, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রেসিডেন্ট এজাজ আহমেদ, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ ও জেসিআই বাংলাদেশের সভাপতি সারাহ কামাল অংশ নেন। 

শুরুতে ইয়াং বাংলার সদস্যরা করোনা ভাইরাস মহামারীর মধ্যে তাদের নানা কার্যক্রমের কথা তুলে ধরেন। মাঠে নামা তরুণদের স্বাস্থ্যবিধি নিয়ে প্রশিক্ষণের সঙ্গে সামাজিক সচেতনতা সৃষ্টিতে পরামর্শ দেওয়ার কথা জানান।

গবেষক সেঁজুতি সাহা বলেন, ‘আমরা এখন সবাই ভ্যাকসিন নিয়ে কথা বলছি। কিন্তু এই ভ্যাকসিন এলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। এমন ভাবার কারণ নেই।  যে দেশে ভ্যাকসিন কাভারেজ প্রায় ৯৫ পারসেন্ট, সেখানে এখন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভ্যাকসিন কাভারেজ ব্যাহত হচ্ছে।


তিনি আরো বলেন, ‘আমাদের যে নিয়মিত ভ্যাকসিনগুলো আছে শিশুদের জন্য, যে টিকাগুলো আছে, তাতে অনেক রোগ প্রতিরোধ করতে পারি। করোনা ভাইরাসের ভ্যাকসিনের পাশাপাশি এসব নিয়মিত ভ্যাকসিন, যা আমাদের দেশে আছে। আমাদের সেগুলো দিয়ে যেতে হবে। সেখানেও তরুণদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

করোনা ভাইরাসে প্রভাব নারী ও শিশুদের উপর সমধিকভাবে পড়ছে বলেও ওয়েবিনারে মন্তব্য করেন মাইক্রোবায়োলজিস্ট সেঁজুতি।

নসরুল হামিদ বিপু বলেন, ‘করোনা ভাইরাস মহামারীর নানা সঙ্কট তরুণরা কিভাবে ফেস করছে, তাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করছে বা  এ অবস্থায় তাদের আদেশ উপদেশ কি…. তা  এই লেটস লকের আলোচনায় উঠে আসবে। আমরা তাদের পরামর্শগুলো নিয়ে পলিসি মেকার ও আইনপ্রণেতাদের কাছে যাবো। ’

শুক্রবার রাত ৯টায় প্রথম দিনের দ্বিতীয় পর্বের লেটস টকে কোভিড মোকাবেলায় তরুণদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের সঞ্চালনায় আলোচনায় যোগ দেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী, জাগো ফাউন্ডেশনের করভী রাখসান্দ, ইয়াং বাংলার ইশরাত ফারজানা তন্বী, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী কামরুন নেসা মিরা এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের রাফি হক অন্তর।

শুক্র থেকে রবি- এই তিন দিনে লেটস টকের এই সাতটি পর্ব হবে। আয়োজনের তৃতীয় দিন সমাপনী পর্বে বক্তব্য দেবেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা ওয়াজেদ হোসেন।

এছাড়া প্রায় প্রতিটি পর্বেই মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন তরুণদের সামনে।

লেটস টকে এর আগে বেশ কয়েকটি পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের সেতুবন্ধন গড়ে দিতে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা ‘লেটস টক’ শিরোনামে এ আয়োজন করে আসছে। ২০১৮ সালের ভোটের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে এসেছিলেন নিজের ভাবনা তরুণদের সাথে ভাগাভাগি করতে।


ইত্তেফাক/ইউবি