কোন অপরাধীকে আমরা ছাড় দেইনি: নৌ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার কোন অপরাধীকে ছাড় দেয়নি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অনেকে আমাদের দলে ও সরকারে ঢুকে, অনেক বড় বড় ব্যক্তিদের সান্নিধ্যে এসেও রক্ষা পায় নাই। দেশরত্ন শেখ হাসিনা অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসেছেন। কোন ধরনের ছাড় দেয়া হয় নাই। এটা শুধু করোনার বিষয় না। গত ১১ বছরের দেশ পরিচালনায় কোন অপরাধীকে আমরা ছাড় দেই নাই। আমরা মানুষের উপর কখনো আক্রমণাত্মক নই। আমরা মানুষকে নিরাপদ জায়গায় রাখতে চাই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার অপরাধীদের ধামাচাপা দিচ্ছেনা জানিয়ে খালিদ বলেন, আগে এ ধরনের অপরাধীদের পরিচয় জানতে দেয়া হয় নাই। অপরাধীদের ধামাচাপা দেয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও কিছু দুষ্ট মানুষ এগুলোর সুযোগ নিয়েছে। কত ধরনের কত কেলেঙ্কারি হয়ে গেল। ইচ্ছে করলে কিন্তু সরকার এগুলো ধামাচাপা দিতে পারত। কিন্তু সরকার ধামাচাপা দেয় নাই। 

সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা উল্লেখ করে খালিদ বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলেই আমরা এ ধরনের অপরাধীদের জনসম্মুখে আনতে পেরেছি। গোয়েন্দা সংস্থা কাজ না করলে শাহেদদের আমরা চিনতে পারতাম না। এছাড়া সাবরিনারা আমাদের মধ্যে লুকিয়ে থাকতো।

আরো পড়ুনঃ নড়িয়ায় ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক, টেঁটা ও ডাল উদ্ধার

তিনি বলেন, সরকারকে আমাদের সঠিক ভাবে বিশ্লেষণ করতে হবে। করোনা বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক দেশই বিপর্যস্ত হয়েছে। বাংলাদেশের সরকার বিপর্যস্ত হয়নি। মোকাবেলা করেছে। করোনা মোকাবেলায় সবাইকে সচেতনতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

শুক্রবার তিনি সেখান থেকে একযোগে ইশানিয়া বকুলতলা নিরাপদ প্রসূতি কেন্দ্র, বাতাসন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ফুটকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ভাণ্ডার খন্ড উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সেতাবগঞ্জ পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা রাণী পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র এম আব্দুস সবুর প্রমুখ।

এর আগে দিনাজপুরের প্রবীণ নাগরিক সদ্য প্রয়াত অমলেন্দু ভৌমিকের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন প্রতিমন্ত্রী। পরে দুপুরে বোচাগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

ইত্তেফাক/এমএএম