বিনোদন রিপোর্ট
দেশের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা এখন থমকে আছে। বিনোদনের অন্যান্য মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরলেও, ফিরতে পারেনি ঢালিউড ইন্ডাস্ট্রি। একদিকে সিনেমা হল বন্ধ অন্যদিকে এখনো পুরোদমে শুরু হয়নি শুটিং। যদিও কয়েকটি সিনেমার শুটিং শুরু হয়েছে তবে করোনার জন্য আটকে যাওয়া সিনেমাগুলো এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সিনেমা হল খোলার অপেক্ষায় সবাই।
নতুনভাবে সবকিছু ফেরায় এখন অপেক্ষা শাকিব খানের। কয়েকটি সিনেমার শুটিং শুরুর খবর পাওয়া গেছে এরইমধ্যে। যেগুলোর মধ্য দিয়ে আবারো নতুন রূপে ফিরবেন শাকিব খান। গত কয়েক বছরে নিজের কাজের ধরন অনেকটাই পাল্টে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, শুরু করেছেন প্রযোজনা। আর সেখানেও সফল তিনি।
সম্প্রতি জানা যায়, কয়েকটি সিনেমার মধ্য দিয়ে শুটিংয়ে ফিরবেন তিনি। এরমধ্যে রয়েছে ‘নবাব এলএলবি’। এই সিনেমার মাধ্যমে তার বিপরীতে প্রথমবারের মত দেখা যাবে স্পর্শিয়াকে। চলতি মাস থেকে শুরু হবে সিনেমার শুটিং। যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’-এর সিক্যুয়াল এই সিনেমাটি। তবে আগের সিনেমার সঙ্গে গল্পের ভিন্নতা থাকবে বলে জানান পরিচালক।
এছাড়াও সাফি উদ্দিন সাফির নতুন সিনেমাতেও শাকিব খানের অভিনয়ে কথা চলছে। সব ঠিক থাকলে আবারো চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব। যেহেতু সিনেমা হলের ব্যবসা এখন বন্ধ। আর দেশের বেশিরভাগ সিনেমা হলের ব্যবসার ভরসা শাকিব খান। তাই শুধু হল খোলা নয়, হল মালিকদের চাহিদা শাকিবের সিনেমার মাধ্যমেই যেনো হল পুনরায় শুরু হয়। যদিও এখন পর্যন্ত হল খোলার কোনো ঘোষণা দেওয়া হয়নি সরকার থেকে। তবে সবার প্রত্যাশা শিগগিরই হল খোলার ঘোষণা দেয়া হবে। তাই দর্শক ও হল মালিকরা এখন শাকিবের নতুন চমকের অপেক্ষায়।