ভূরুঙ্গামারীতে স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ

গ্রেফতার ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভূরুঙ্গামারীতে অটোবাইকে না ওঠায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করেছে আব্দুর রশিদ নামে এক অটোচালক। বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ ছাত্রী একই গ্রামের নানাবাড়িতে যাবার জন্য মইদাম হাই স্কুল মোড়ে অটোবাইকের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় অটোচালক আব্দুর রশিদ মেয়েটিকে তার অটোতে চড়তে বলে। কিন্তু নিরাপত্তার কারণে মেয়েটি অটোতে চড়তে আপত্তি জানালে অটোচালক ক্ষিপ্ত হয়ে তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, সম্ভবত ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তার ওড়না ও জামা পুড়ে গেলেও শরীরের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতার রয়েছে।