লিগের প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপ না হলেও কোনো চিন্তা নেই। বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগের প্রস্তুতি নিচ্ছে। কারণ এএফসি কাপ হবে কি হবে না তা নিয়ে শঙ্কা এখনো কাটেনি। বসুন্ধরা বলছে তারা এখনো এএফসি হতে আনুষ্ঠানিকভাবে জানতে পারেননি খেলা বাতিল হয়ে গেছে কি না। আগামী ২৪ অক্টোবর মালদ্বীপে চার দল নিয়ে এএফসি কাপে গ্রুপের অবশিষ্ট ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল।

পূর্বনির্ধারিত দিনে নকআউট পর্বের খেলার ড্র না হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে দুই একটি ভেন্যু বাতিল হয়েছে বলে শোনা গেছে। বসুন্ধরা আনুষ্ঠানিকভাবে কিছু না জানা পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি না। বাফুফেও গতকাল পর্যন্ত কোনো খবর পায়নি বলে জানিয়েছে। তবে বসুন্ধরা বলছে যদি এএফসি কাপের খেলা নাও হয় তাহলে প্রস্তুতি থেমে থাকবে না। সামনে নতুন মৌসুম আছে।

নতুন মৌসুমের চিন্তা মাথায় নিয়ে প্রস্তুতি চলবে। বিদেশি ফুটবলারদের ঢাকায় আসার কথা জানিয়ে দেওয়া হয়েছে। দুই-তিন দিনের মধ্যেই ঢাকায় পা রাখবেন আর্জেন্টিনার বারসোক, ব্রাজিলের রবসন রোবিনহো, জনাথন ফার্নান্দোজ। এই তিন ফুটবলার ঢাকার পথে রওনা দিচ্ছেন জানিয়েছে বসুন্ধরার মিডিয়া উইংস। অস্ট্রেলিয়ান এবং ইরান হতে এক জন ফুটবলার এশিয়ান কোটায় খেলার কথা থাকলেও এএফসির খেলায় শঙ্কা থাকায় এই মুহূর্তে এক পা পিছিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।

বর্তমানে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ২১ ফুটবলার নিয়ে অনুশীলন ক্যাম্পে থাকলেও এক জনের করোনা শনাক্ত হয়েছে। নাম বলা যাবে না। করোনায় আক্রান্ত বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমারের নাম প্রকাশ হলেও বসুন্ধরার সিদ্ধান্ত আক্রান্তের নাম প্রকাশ হলে পরিবার বিব্রত হয়।