করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব

স্পোর্টস রিপোর্টার

করোনা নেগেটিভ সনদ নিয়েই যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চড়েছিলেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। গতকাল বিকালে পেয়েছেন পরীক্ষার ফলাফল। পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। গতকাল সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা নেগেটিভ হওয়ার পর তার প্রত্যাবর্তন মিশন শুরু হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করার কথা সাকিবের। গত বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাককে এমনটাই জানিয়েছিল বাঁহাতি এই ক্রিকেটারের অনুশীলন পরিকল্পনার সঙ্গে জড়িত একটি সূত্র।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে গত বছর নিষিদ্ধ হওয়া সাকিবের শাস্তি শেষ হবে আগামী ২৮ অক্টোবর। পরদিন থেকেই তিনি অংশ নিতে পারবেন সব ধরনের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তনের প্রস্তুতি প্রায় দুই মাস আগেই শুরু করতে যাচ্ছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে আজ বিকেএসপিতে যাবেন তিনি। যেখানে ছেলেবেলার দুই গুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে পরিচালিত হবে সাকিবের অনুশীলন।