রয়টার্স
বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে মেক্সিকোতে।
বৃহস্পতিবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসে মেক্সিকোতেই মারা গেছেন ১ হাজার ৩৭৮ জন স্বাস্থ্যকর্মী। অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে যথাক্রমে ১০৭৭, ৬৩৪ এবং ৫৭৩ জন স্বাস্থ্যকর্মী এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের সামনের সারির যোদ্ধা বলা হয়। অসুস্থদের চিকিত্সাসেবার দায়িত্বে থাকায় তাদের রোগ সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
অ্যামনেস্টি ইন্টার-ন্যাশনালের ইকোনমিক অ্যান্ড সোস্যাল জাস্টিসের প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘করোনা ভাইরাস মহামারি শুরুর পর বেশ কয়েক মাস কেটে গেছে। অথচ এখনো মেক্সিকো, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে এ রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হার ভয়াবহ রকম বেশি। তাই সব স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা একান্ত জরুরি হয়ে পড়েছে। যাতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন চালিয়ে যেতে পারেন।’ ককবার্ন বলেন, ‘মহামারি শুরুর পর থেকেই সব দেশের সরকার স্বাস্থ্যকর্মীদের জাতীয় বীর বলে আখ্যা দিয়ে তাদের কাজের প্রশংসা করেছেন। কিন্তু সেবা দেওয়ার সময় ন্যূনতম সুরক্ষা সরঞ্জামের অভাবে স্বাস্থ্যকর্মীরা যেভাবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাতে ঐ প্রশংসা ফাঁকা বুলি বলে মনে হচ্ছে।’
যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত করোনা ভাইরাস শনাক্ত এবং মৃত্যুর মোট সংখ্যায় সব থেকে এগিয়ে। এই তিন দেশে মোট সংক্রমণ ১ কোটি ৪০ লাখের বেশি। আর মোট মৃত্যু প্রায় ৩ লাখ ৮৭ হাজার।
গত মাসে মেক্সিকো সরকারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, করোনা ভাইরাস মহামারির এ সময়ে দেশটিতে স্বাস্থ্যসেবা-কর্মীদের মৃত্যুর হার যুক্তরাষ্ট্রের তুলনায় চার গুণ এবং ব্রাজিলের তুলনায় আট গুণ বেশি। মেক্সিকোয় ৬ লাখ ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ৬৬ হাজার জনের। এ সপ্তাহের শুরুতে দেশটির সরকারের দেওয়া তথ্যানুযায়ী, সেখানে ১ লাখ ২ হাজার ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।