পল্লবী থানায় বিস্ফোরণ আসামি জনি কারাগারে

ইত্তেফাক রিপোর্ট

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. জনি নামে এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। গতকাল পল্লবী থানার এসআই মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর মো. বাশার। তার প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৯ জুলাই ভোরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।