মেট্রোরেলের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজ সামগ্রিকভাবে ৪৯ দশমিক ১৫ শতাংশ সম্পন্ন হয়েছে। একই  সঙ্গে কোভিড-১৯ মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি বজায় রেখে কার্যক্রম পুরোদমে চলছে। ঢাকা ম্যাস পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ সম্পন্ন করতে শ্রমিক, কারিগর, প্রকৌশলী ও সংশ্লিষ্টরা ‘দিনরাত’ কাজ করায় ৪৯ দশমিক ১৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের মেট্রোরেল নির্মাণের দৃশ্যমান অগ্রগতি ৭৫ দশমিক ৫০ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের নির্মাণ অগ্রগতি ৪২ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁওর মধ্যে ১১ দশমিক ৭৩ কিলোমিটারের ১০ দশমিক ৮৬ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। ফাস্ট ট্র্যাক প্রকল্পের অধীনে শহরে এমআরটি লাইন-৬-এর নির্মাণকাজ পুরোদমে চলছে। তিনি আশা প্রকাশ করেন, চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে কাজ এই গতিতে অব্যাহত থাকলে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল প্রকল্প সম্পন্ন হতে পারে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত লাইন-৬ ট্র্যাক চালানোর জন্য জাপানে রেল কোচ নির্মাণ করা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতির জন্য কোচের শিপমেন্টটি অপেক্ষায় রয়েছে এবং শিপমেন্ট হবে। এতে বলা হয়েছে, দিয়াবাড়ি থেকে মিরপুর সেকশন পর্যন্ত রেল ট্র্যাক স্থাপন করা হচ্ছে এবং সেখানে বৈদ্যুতিক লাইনও বসানো হয়েছে। ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ২১ কিলোমিটার রুটে মোট ১৬টি স্টেশন থাকবে এবং সব স্টেশনে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে। তার মতে, সবকিছু স্বাভাবিক থাকলে শহরের মানুষ নির্ধারিত সময়ের আগেই স্বপ্নের মেট্রো রেলে দিয়াবাড়ি থেকে মতিঝিল যেতে পারবেন।