বুড়িগঙ্গা পারাপারে আট ঘাটে ওয়াটার বাস চালু

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

বুড়িগঙ্গা নদীতে সদরঘাট লঞ্চ টার্মিনাল রেড জোন এলাকার কেরানীগঞ্জের তেলঘাট, আলম মার্কেট, শ্যামবাজার মসজিদ ঘাটসহ আটটি অবৈধ খেয়াঘাট এলাকায় বিআইডব্লিউটিএ গতকাল শুক্রবার সকাল থেকে ডিঙি নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । নিরাপদ পারাপারের জন্য কেরানীগঞ্জের ইস্পাহানি ঘাট, চরমিরেরবাগ ঘাট ও রাজধানীর শ্যামবাজার মসজিদ ঘাট এবং নবাববাড়ি ঘাট এলাকায় চারটি পন্টুুন বসিয়ে ওয়াটার বাস চালু করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, গতকাল নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভার্চুয়ালভাবে আনুষ্ঠানিক ওয়াটার বাস চলাচল উদ্বোধন করেন।

দেড় বছর পরে হলেও বিআইডব্লিউটিএর এ সিদ্ধান্তকে কেরানীগঞ্জবাসী সাধুবাদ জানিয়েছে। গত দেড় বছরে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অবৈধ ২৩টি খেয়াঘাট থেকে প্রতিদিন ৩০০ ডিঙি নৌকা চলাচলের সময় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে সরকার অবৈধ ঐ ২৩ খেয়াঘাট বন্ধ করে ওয়াটার বাস চালুর নির্দেশ দেয়। এদিকে ওয়াটার বাস চালুর প্রতিবাদে অবৈধ ১১টি খেয়াঘাটের মাঝি তাদের নৌকা চলাচল বন্ধ রেখেছে। এতে অন্য ঘাটের যাত্রীরা পড়েছে বিপাকে। এলাকাবাসী নিরাপদে নদী পারাপারের স্বার্থে পর্যায়ক্রমে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে খোলামুড়া পর্যন্ত ৫২টি ঘাটে ওয়াটার বাস চালুর আহ্বান জানায়।