বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদতবার্ষিকী। এ উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও নড়াইলের জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে নূর মোহাম্মদ নগরে কোরআনখানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, জেলা পুলিশ কর্তৃক সশস্ত্র সালাম এবং দোয়া মাহফিল। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শাহাদতবরণ করেন তিনি। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহিদ হন নূর মোহাম্মদ শেখ। যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদ নগর করা হয়।