জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় চার জন সাংবাদিক ও একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল শুক্রবার জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের একজন অশীতিপর মো. তাজমল হোসেনের অভিযোগ, বকশীগঞ্জ থানার এসআই শরীফ আহমেদ মিথ্যা মামলা দিয়ে তাদের নানাভাবে হয়রানি করছেন। তিনি আরো বলেন, আমার নাতনি বকশীগঞ্জের মেরুর চর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায়। এ সুযোগে চিনারচর গ্রামের কুদ্দুছের ছেলে মোস্তাইন বিল্লাহ রনি ঘরে ঢুকে চৌকির নিচে লুকিয়ে থাকে। প্রাকৃতিক ক্রিয়া শেষে আমান নাতনি যখন ঘরে ঢোকে তখন রনি তাকে ধর্ষণের চেষ্টা করে। নাতনির চিত্কারে প্রতিবেশীরা তাকে উদ্ধার ও রনিকে আটক করে। রনির পরিবারকে খবর দেওয়া হলে রনির ভাই ফুরকান আলী পরদিন থানা থেকে এস আই শরীফকে আমার বাড়িতে ডেকে নিয়ে আসে। শরিফ  আমাকে বেঁধে থানায় নিয়ে যায়। এরপর এলাকার মেম্বার ছামিউল হক নেদা ও সাংবাদিক শাহীনের চেষ্টায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে এসআই শরীফ আমাকে ছেড়ে দেয়। নাতনিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় মামলা করতে গেলে এসআই শরীফ রনির পক্ষ নিয়ে আমাকে হুমকি দেয়। এসআই শরীফ চক্রান্ত করে রনির ভাইকে দিয়ে আমিসহ আমার ছেলে, ছেলের বউ, আমার বেয়াই এবং সাংবাদিক শাহীন আলমের নামে মিথ্যা মামলা দায়ের করায় এবং আমাদের নানাভাবে হয়রানি করে।

এছাড়া এসআই শরীফ বকশীগঞ্জের চার জন নিরীহ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে। সম্মেলনে চার জন সাংবাদিক তাদের হয়রানি ও নির্যাতনের কথা তুলে ধরেন। ভুক্তভোগীরা এসআই শরীফ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। এসআই শরীফকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।