বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ লাখ
টাকা নিয়ে উধাও প্রেমিক
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সাঁথিয়ায় পরকীয়া করে প্রবাসীর স্ত্রী গৃহশিক্ষকের সঙ্গে ঘর ছাড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে নগদ ৯ লাখ টাকাসহ সর্বস্ব হাতিয়ে ঢাকায় প্রবাসীর স্ত্রীকে ফেলে পালান গৃহশিক্ষক মিজান। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের চাঁদ আলীর মেয়ে রোজিনা খাতুনের প্রায় ৯ বছর পূর্বে সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামে নজরুলের সঙ্গে বিয়ে হয়। বিয়ে পর স্ত্রী কন্যা রেখে বিদেশ যান নজরুল। মেয়ের শিক্ষক মিজানের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে রোজিনা। মিজান কৃষ্ণপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
প্রেমের কাহিনী জানাজানি হলে মিজানকে বিয়ের জন্য চাপ দেয় রোজিনা। বিয়ের আশ্বাস দিয়ে গত ৪ আগস্ট রোজিনাকে মিজান গাজীপুর নিয়ে যায়। সেখানে তারা ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বিয়ের জন্য চাপ দিলে টালবাহানার এক পর্যায়ে গত ২৯ আগস্ট গাজীপুরে মিজানের ভগ্নিপতি শফিকুলের বাসায় প্রেমিকাকে রেখে প্রেমিক পালিয়ে যায়। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে রোজিনা বাদী হয়ে আতাইকুলা থানায় মিজান ও তার বোন, ভগ্নিপতির নামে অভিযোগ দায়ের করেন। রোজিনা জানান, স্বামীর পাঠানো প্রায় সাড়ে ৯ লাখ টাকা মিজানকে দিয়েছি। এখন সে বিয়ের নামে প্রতারণা করে পালিয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ছি। বিষয়টি পরকীয়া। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।