আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। এখানে কোনো রাজনৈতিক চাপের বিষয় নেই। তার বয়সের কথা চিন্তা করে মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।’
গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত চিকিত্সকদের মধ্যে চিকিত্সাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এর আগেও তার চিকিত্সার দিক বিবেচনা করে মানবিক কারণে সাজা স্থগিত করা হয়েছিল ৬ মাসের জন্য এবং করোনা পরিস্থিতিতে তার চিকিত্সা ভালোভাবে করা যায়নি। সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ইউএনও ওয়াহিদা খানমের সু-চিকিত্সা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। এ সময় দলের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহানারা আকতার রহমান, প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. আতিকুর রহমান প্রমুখ।
পরে সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি করে হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলা, চিকিত্সকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিইসহ চিকিত্সাসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিত্সকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিইসহ চিকিত্সাসামগ্রী বিতরণ করা হয়।