গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৩০ কেজি ৫০০ গ্রাম। স্থানীয়রা মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে। বৃহস্পতিবার মধ্যরাতে মাঝ পদ্মায় স্থানীয় হযরত আলী নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
হযরত আলী বলেন, গত কয়েক দিন তেমন মাছ ধরা পড়ছিল না। ভোরে জেলেদের নিয়ে পদ্মার মাঝ নদীতে জাল ফেললে বাগাড় মাছটি ধরা পড়ে, সঙ্গে কয়েকটি ছোট মাছ জালে উঠে। এত বড় বাগাড় মাছ আগে আমার জালে ধরা পড়েনি, মাছটি ধরা পড়ায় আমার নৌকার জেলেরা ভীষণ খুশি। মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার দুলালের মাছের আড়তে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৯৫০ কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা জানান, মাছটি বেশি লাভের আশায় ঢাকায় পাঠানো হবে।