অনুমতি ছাড়া জিনিস কেনার জন্য চড়া দাম দিতে হয়েছে এক নারীকে। ফ্রান্সের সেন্ট লরা বুটিক থেকে ১৯ হাজার ডলারে (১৬ লাখ ১০ হাজার টাকা) একটি কুমিরের চামড়ায় তৈরি ব্যাগ কিনেছিলেন ঐ নারী। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকার কারণে অস্ট্রেলিয়ার সীমান্তরক্ষী বাহিনী ব্যাগটি জব্দ করে ধ্বংস করেছে। মজার বিষয় ১৬ লাখ টাকার ব্যাগটি কেনার অনুমতি নিতে তাকে মাত্র ৪৭ ডলার (৪ হাজার টাকা) বাড়তি খরচ করতে হতো।
দেশটির কৃষি, পানি ও পরিবেশ বিভাগ জানিয়েছে, অবৈধভাবে ব্যাগ আমদানির জন্য ঐ নারীর ২৬ হাজার ৩১৩ অস্ট্রেলীয় ডলার বা ১৫ লাখ ৯৮ হাজার টাকা জলে গেল। পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইন ১৯৯৯-এর অধীনে বন্যপ্রাণী বাণিজ্য অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড ও ২ লাখ ২২ হাজার ডলার জরিমানা হওয়ার বিধান রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৭৬৬ টাকা। তবে ইতিমধ্যে ১৬ লাখ টাকার শখের ব্যাগটি জলে যাওয়ার আপাতত তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ায় অনুমতি নিয়ে কুমিরের চামড়ার পণ্য আমদানির সুযোগ থাকলেও তার জন্য মানতে হয় কড়া নিয়ম।
দেশটির পরিবেশমন্ত্রী সুসান লে বলেন, আমরা অনলাইনে কী কিনছি, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিপন্ন প্রজাতির প্রাণীগুলোকে রক্ষার জন্য প্রাণিজ পণ্যের বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধ করতে অস্ট্রেলিয়ায় কী আসছে ও এ দেশে থেকে কী যাচ্ছে, সে বিষয়ে নজরদারি চালাচ্ছে সরকার।-সিএনএন