প্রতিবাদ বিক্ষোভে উঠিয়ে দেওয়া হলো গাড়ি

যুক্তরাষ্ট্রে ফের এক কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে একটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এই বিক্ষোভের প্রতিবাদে পালটা বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছে। ফলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। খবর ডেইলি মেইলের

গত মার্চে ড্যানিয়েল প্রুড নামের ৪১ বছর বয়সি কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বুধবার এর ভিডিও প্রকাশ্যে আসে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন মানুষ। তারা প্রুডের হত্যার দাবি জানান। বৃহস্পতিবার রাত আটটার দিকে টাইমস স্কোয়ারে বিক্ষোভ চলাকালে ফোর্ড টাউরাস সিডান নামের একটি গাড়ি উঠিয়ে দেওয়া হয়। গাড়ির চালকের পরিচয় পাওয়া যায়নি। এনবিসি জানিয়েছে, চালক ‘কিপ আমেরিকা গ্রেট অ্যাগেইন’ এর অনুসারী হিসেবে মনে করা হচ্ছে। তারা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারীদের নানাভাবে উসকানিও দিচ্ছেন। আর এই স্লোগান প্রেসিডেন্ট ট্রাম্পের। ছবিতে দেখা গেছে, পুলিশ দুই গ্রুপকে আলাদা করছেন।

এদিকে কলম্বিয়া ডিস্ট্রিক্টে পুলিশের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এক শ্বেতাঙ্গ পুলিশ এক কৃষ্ণাঙ্গ ১৮ বছরের এক তরুণকে গুলি করছেন। গত বুধবার ডিওন নামের ওই তরুণকে গুলি করা হয়। পরে তিনি মারা যান। পুলিশের দাবি, তিনি ছিনতাইকারী দলের সদস্য। পোর্টল্যান্ডে বর্ণবাদবিরোধীদের সঙ্গে ট্রাম্পের সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মাইকেল রেইনোয়েল নামের ৪৮ বছরের এই ব্যক্তি গত সপ্তাহে বিক্ষোভে একজনকে হত্যার ঘটনায় তদন্তের আওতায় ছিলেন। অন্যদিকে সম্প্রতি উইসকনসিনে পুলিশের গুলিতে পঙ্গু হয়ে পড়া ‍কৃষ্ণাঙ্গ তরুণ জ্যাকব ব্লেকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ব্লেক তাকে বলেছেন, যা কিছুই ঘটুক না কেন, তিনি হাল ছেড়ে দেবেন না।