দুই বার করে ভোট দিন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনার ভোটারদেরকে দুইবার করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। একবার ডাকযোগে, আরেকবার সশরীরে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, একমাত্র এভাবেই নির্বাচন প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করা সম্ভব। খবর ডয়চেভেলের

প্রসঙ্গত, নর্থ ক্যারোলাইনার মতো কিছু রাজ্যে একাধিকবার ভোট দেওয়া কেবল বেআইনিই নয়, কাউকে সেই কাজে উত্সাহ দেওয়াও অপরাধ হিসাবে গণ্য করা হয়। নর্থ ক্যারোলাইনার অ্যাটর্নি জেনারেল ও ডেমোক্রেটিক পার্টির সদস্য জশ স্টাইন এক টুইটার বার্তায় বলেছেন, ভোটারদের আইন ভাঙতে উত্সাহ দিয়ে নির্বাচনে অরাজকতা সৃষ্টির কাজে সহায়তা করছেন ট্রাম্প। ট্রাম্প শিবির অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র কেলেই ম্যাকএনানি ফক্স নিউজকে বলেন, প্রেসিডেন্ট মোটেই কাউকে বেআইনি কাজ করতে বলছেন না। তিনি ভোটারদের সচেতন করতে শুধু বলেছেন, প্রত্যেকের ভোট যাতে সত্যি নথিভুক্ত হয়, তার যাচাই করতে হবে। সেটা না হলে সশরীরে ভোট দিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর হলেও শুক্রবার থেকেই ডাকযোগে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে। এ দিন নর্থ ক্যারোলাইনা রাজ্যের মানুষকে ‘মেইল ইন’ ভোটের কাগজপত্র পাঠানো হচ্ছে। করোনা সংকটের প্রেক্ষাপটে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোটারই ডাকযোগে ভোট দেবেন বলে ধরে নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ‘মেইল ইন’ ভোটের বিরোধিতা করছেন। ফেসবুক জানিয়েছে, ট্রাম্পের যে ভিডিওতে দুই বার ভোট দেওয়ার ডাক দিয়েছেন, কোম্পানির নীতি মেনে সেটি সরিয়ে ফেলা হবে। কোনো মন্তব্য ছাড়া অথবা প্রেসিডেন্টের পক্ষ নিয়ে সেই ভিডিও শেয়ার করলেও ভিডিওর যে কোনো সংস্করণ সরিয়ে ফেলা হবে। টুইটারও ট্রাম্পের মন্তব্য ‘ফ্ল্যাগ’ করেছে।