নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা থাকলেও আলোচনায় সমাধান সম্ভব

ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা রয়েছে। গতকাল শুক্রবার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি এই মন্তব্য করেন। তবে তার আশা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আড়াই মাস পূর্ণ হওয়ার আগেই ফের লাদাখে পৌঁছে গতকাল জেনারেল নরবণে (এলএসি) সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এলএসিতে মোতায়েন সেনা অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসারদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। ভারতীয় জওয়ানদের মনোবল তুঙ্গে। ভারতীয় সেনা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে একইভাবে চীনা চ্যালেঞ্জ মোকাবিলার দাবি করেছিলেন চীফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। -আনন্দবাজার পত্রিকা