নিহত মার্কিন সেনাদের তাচ্ছিল্য করার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

 দায়িত্ব পালন করতে গিয়ে নিহত মার্কিন সেনাদের তাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম আটলান্টিক ম্যাগাজিনের একটি প্রতিবেদনে এমন অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় ইউরোপে যুক্তরাষ্ট্রের নিহত সেনাদের 'তুচ্ছ' আখ্যায়িত করে তাদের সমাধিতে যান নি, কারণ তাদেরকে তিনি গুরুত্বপূর্ণ বলে ভাবেননিI গণমাধ্যমটি জানায়, রিপাবলিকান দলীয় পদপ্রার্থী, প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের সেনাদের সাহায্য করার রেকর্ড দাবি করে থাকেন, তিনি প্যারিসের কাছে সমাহিত সেনাদের 'হতভাগ্য' বলে সম্বোধন করেছিলেন এবং তার উদ্বেগ ছিল যে, বৃষ্টিতে তার চুল এলোমেলো হয়ে যেতে পারে, তাই সমাধিস্থলে যেতে তিনি অস্বীকৃতি জানানI

তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাকে মিথ্যা বলে উল্লেখ করেনI তিনি দাবি করেন যে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড়ানো সম্ভব ছিল না ;আর সড়কপথে এতটা পথ যেতে,গোয়েন্দা সদস্যরা তাকে বারণ করেছিলেনI

এদিকে নিহত সেনাদের নিয়ে ট্রাম্পের এমন উপহার করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকই। যুক্তরাষ্ট্রের প্রগতিশীল দল ভোটভেটস নিহত সেনাদের পরিবারের বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে একজনকে বলে শোনা যায়, তুমি জানো না ত্যাগ কী ? 

  বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন মন্তব্য আসন্ন মার্কিন নির্বাচনে সেনাবাহিনী সদস্যদের ভোটে প্রভাব ফেলতে পারে। তারা বলছেন এমন মন্তব্য করে সেনাবাহিনীর ভোট নষ্ট করেছেন ট্রাম্প ।   

ইত্তেফাক/এআর