ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশংকা
আলজাজিরা
শ্রীলঙ্কাসংলগ্ন ভারত মহাসাগরে জ্বলন্ত তেলবাহী জাহাজটির আগুন শনিবার পর্যন্ত নেভানো যায়নি। শ্রীলঙ্কা ও ভারত দুই দেশই আগুন নেভাতে জোরালো তত্পরতা চালিয়ে যাচ্ছে। এখনো জাহাজটির ট্যাঙ্কার অক্ষত রয়েছে। তবে এটি ফেটে তেল বের হওয়া শুরু হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।
বিপুল পরিমাণ তেল নিয়ে কুয়েত থেকে রওনা হয়েছিল নিউ ডায়মন্ড জাহাজটি। ভারতের পারাদ্বীপে যাচ্ছিল এটি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা বন্দরের কাছে হঠাত্ই এতে আগুন লেগে যায়। আগুন লাগার পর তা নেভাতে গিয়ে দুইজন কর্মী আহত হন বলে জানা গেছে। তার মধ্যে একজন এখনো নিখোঁজ। পানামার ফ্ল্যাগ লাগানো একটি জাহাজ প্রাথমিকভাবে বাকিদের উদ্ধার করে। এরপর শ্রীলঙ্কার নৌবাহিনীর ছোট ছোট নৌকা জাহাজের কাছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেই অভিযানে যোগ দেয় জাহাজ ও বিমান।
শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভা জানান, প্রায় দুই কোটি ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটি উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ট্যাংকারটিতে আগুন জ্বলছে। নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা ডি সিলভা জানান, নৌকাটিতে ২৩ জন নাবিক ছিলেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজের ট্যাংকার থেকে তেল লিক করেনি। তবে যে কোনো সময় ট্যাংকার ফুটো হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার মেরিন এনভায়রনমেন্ট প্রটেকশন অথরিটির প্রধান দর্শনী লাহান্দাপুর সতর্ক করে বলেছেন, যদি কোনো লিক বা বিস্ফোরণ হয়, তাহলে বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে।