ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৯ নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চার জন। খবর এনডিটিভির
এছাড়া বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটেছে।
কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের আট জন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বোমা তৈরি করছিলেন কি-না এবং তারা কেবল অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, দিওয়ালি উত্সব উপলক্ষ্যে ঐ কারখানায় আতশবাজি উত্পাদনের কর্মযজ্ঞ চলছিল।
এছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টাতে এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো। এনডিটিভি জানিয়েছে, এই শিল্প দুর্ঘটনা এমন একটা সময় ঘটেছে, যখন মহামারি করোনা ভাইরাস সংকটের মধ্যেও রাজ্য সরকার শতভাগ লোকবল নিয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কাজ শুরু করতে বলছে।