জেরুজালেমে দূতাবাস খুলবে কসোভো ও সার্বিয়া

এএফপি

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইউরোপের দুই দেশ কসোভো এবং সার্বিয়া। দেশ দুটি জেরুজালেম শহরে নিজেদের দূতাবাস খুলছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ওয়াশিংটনে সার্বিয়া ও কসোভোর নেতাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই নেতানিয়াহু এমন কথা জানান। হোয়াইট হাউজের ওই বৈঠকে সার্বিয়া ও কসোভো নিজেদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একমত হলে ট্রাম্প সেই আনুষ্ঠানিক ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রথম দেশ হিসেবে জেরুজালেমে নিজেদের দূতাবাস খুলতে যাচ্ছে কসোভো। অনেক দেশ এ তালিকায় যুক্ত হবে বলে আশা করছি আমরা।’

এখন পর্যন্ত মাত্র দুটি দেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে নিজেদের দূতাবাস খুলেছে। এর একটি হলো যুক্তরাষ্ট্র। ট্রাম্প ক্ষমতায় আসার পর গত বছর তার প্রশাসন তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তরিত করে। অপর দেশটি হলো গুয়েতেমালা। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপ্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জেরুজালেম। ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে মেনে রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু ইসরাইলে তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর ইসরাইল জেরুজালেম দখল করে নেয়।