শ্রীলঙ্কা সফর
স্পোর্টস রিপোর্টার
সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উড়াল দেবে টাইগাররা। প্রায় দুই মাস শ্রীলঙ্কায় অবস্থান করবে মুমিনুল হকের দল। করোনাকালে এই সফর নিয়ে সর্বোচ্চ সতর্ক বিসিবি। সফরকালীন সার্বিক বিষয়ের রূপরেখা চূড়ান্ত করতে করোনা বিশেষজ্ঞর দ্বারস্থ হয়েছে বিসিবি। ক্রিকেটারদের চলাচল, ভ্রমণ, হোটেলে অবস্থান, অনুশীলন সবগুলো বিষয়ের গাইডলাইন তৈরি করছেন বিশেষজ্ঞরা।
ক্রিকেটারদের সচেতন করতে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনলাইন সভায় দুই কোভিড-১৯ বিশেষজ্ঞকে অতিথি করেছিল বিসিবি। জাতীয় দল ও এইচপির প্রায় ৫০ ক্রিকেটার সেদিন অনলাইনে ভিডিও সভায় যুক্ত ছিলেন। করোনা কিভাবে ছড়ায়, কীভাবে করোনার সংক্রমণ থেকে বাঁচতে হবে সেই বিষয়ে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন দুই বিশেষজ্ঞ। তাদের পরামর্শ অনুযায়ীই তৈরি হচ্ছে টাইগারদের লঙ্কা সফরের চূড়ান্ত গাইডলাইন।
বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী এই অনলাইন সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। গতকাল এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সভাটি ছিল মূলত কোভিড সচেতনতামুলক। সামনে শ্রীলঙ্কা সিরিজ। প্লেয়াররা ভ্রমন করবে, হোটেলে থাকবে। কীভাবে এসব করবে সে ব্যাপারেই সভাটি হয়েছে। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কা সিরিজ।’
ক্রিকেটারদের করোনাকালের সব ধরনের সুরক্ষা কার্যক্রম বুঝিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। দেবাশীষ চৌধুরী বলেন, ‘সভায় জাতীয় দল ও এইচপির ৫০ ক্রিকেটার ছিল। প্লেয়ারদের সঙ্গে ওনারা কথা বলেছেন বেসিক কিছু বিষয় নিয়ে। ভাইরাস কী, কীভাবে ছড়ায়, কীভাবে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি।’
তবে দুই বিশেষজ্ঞর পরিচয় প্রকাশ করেননি বিসিবির প্রধান চিকিত্সক। তিনি বলেছেন, ‘দুজন বিশেষজ্ঞ ছিলেন। উনারা উনাদের নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। উনারা দুই জনই গবেষক, বাংলাদেশ সরকারের বিভিন্ন টেকনিক্যাল কমিটির সঙ্গে কাজ করছেন। একজন ইংল্যান্ড বেইসড, একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বেইসড।’
লঙ্কা সফরের রূপরেখা তাদের মাধ্যমেই তৈরি হচ্ছে। দেবাশীষ চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা সফরের আগে আমরা উনাদেরকে নিয়ে গাইডলাইন তৈরি করছি; বিমানের গাইডলাইন, হোটেলের গাইডলাইন, হোটেল থেকে মাঠে ভ্রমণের গাইডলাইন। প্রতিটি জায়গায়ই তো আমাদের গাইডলাইন লাগবে। উনাদের মাধ্যমে আমরা প্রোটোকলগুলো তৈরি করছি যেন সফরটি নিরাপদ হয়। ’
শ্রীলঙ্কা সফরের খসড়া সূচি
২৭ সেপ্টেম্বর : বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাত্রা
১৩ নভেম্বর : বাংলাদেশ দলের ঢাকায় ফেরা
তারিখ ম্যাচ ভেন্যু
৪-৬ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচ কলম্বো
১০-১২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ কলম্বো
১৭-১৯ অক্টোবর তৃতীয় প্রস্তুতি ম্যাচ কলম্বো
২৩-২৭ অক্টোবর প্রথম টেস্ট ক্যান্ডি
৩১ অক্টো.-৪ নভে. দ্বিতীয় টেস্ট ক্যান্ডি
৮-১২ নভেম্বর: তৃতীয় টেস্ট কলম্বো