বাফুফের নির্বাচন
স্পোর্টস রিপোর্টার
বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র কেনার প্রথম দিন নীরবেই কেটেছে। এ দিন সহসভাপতি পদে মনোনয়ন কিনেছেন বর্তমান সহসভাপতি মহিউদ্দিন মহি এবং তাবিথ আওয়াল। এই দুই জনের মনোনয়ন পত্র কোনো প্যানেল হতে কেনা হয়নি। কেউ বাফুফে ভবনে গিয়েও মনোনয়ন তোলেননি। তাবিথ ন্যাশনাল টিমস কমিটির কোচেয়ারম্যান। জাতীয় দল নিয়ে কাজ করছেন। আবারও সহসভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিলেন মনোনয়ন তুলে। এবারও মহিউদ্দিন মহি সহসভাপতি পদে নির্বাচন করবেন। বাফুফেতে সহসভাপতি পদ চারটি।
সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছেন ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান, নোফেল ক্লাবের শাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন এবং রহমতগঞ্জের টিপু সুলতান। মনোনয়নপত্র আগামীকাল পর্যন্ত বিতরণ করা হবে।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন আজ তার প্যানেল নিয়ে মনোনয়ন নিতে আসতে পারেন। সালাহউদ্দিন ছাড়া আর কোনো প্রার্থী সভাপতি পদে নির্বাচন করছেন কি না, তা জানতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে জানা গেছে সালাহউদ্দিন এরই মধ্যে একটা প্যানেল গঠন করেছেন। যেখানে চেনামুখের সঙ্গে নতুন মুখও দেখা যাবে।
বাফুফের আরেক সহসভাপতি বাদল রায় নির্বাচনের তারিখ পেছানোর জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির জবাবে গতকাল নির্বাচন কমিশন জানায় সরকারের করোনা বিষয়ক নির্দেশাবলীর অনুসরণ হচ্ছে যিনি করোনায় আক্রান্ত তিনি বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকেন, জনসমক্ষে আসতে পারেন না। ডেলিগেট করোনায় আক্রান্ত হলে তাকে কংগ্রেসে প্রবেশে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই, অন্যদের আক্রান্ত হবার আশঙ্কা থাকে। করোনায় আক্রান্ত ব্যক্তি কংগ্রেসে অংশ নিতে পারছেন না স্বাভাবিকভাবে ভোট দিতে পারবেন না।