সন্ধ্যার ভাঙন ঠেকাতে মানববন্ধন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

নেছারাবাদের (স্বরূপকাঠি) সন্ধ্যা নদীর ভাঙন থেকে নদীর পশ্চিমপাড়ের উত্তর কৌরিখাড়া গ্রামের বসতবাড়ি রক্ষার্থে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার উত্তর কৌরিখাড়া গ্রামের প্লাসঘাট এলাকায় ভাঙনকবলিত সন্ধ্যা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে গৃহহারা বাসিন্দাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য অরুন কুমার বসু, সমাজসেবী হাসান সিকদার, মত্স্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. ফজলুল হক প্রমুখ। বক্তারা উত্তর কৌরিখাড়া গ্রাম রক্ষার্থে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।