বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে বজ্রপাতে নিহত কলেজছাত্র আরিফুল ইসলামের কবর পাহারা দিচ্ছে তার স্বজনরা। লাশ চুরি ঠেকাতে কবরের পাশে তাঁবু টাঙিয়ে পাঁচ দিন ধরে রাতদিন পাহারা দিচ্ছেন তারা। গত মঙ্গলবার সকালে কলেজছাত্র আরিফুল ইসলাম বজ্রপাতে মারা যায়। উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়। লাশ চুরি ঠেকাতে এভাবে তিন মাস কবর পাহারা দিবেন বলে জানিয়েছেন নিহত কলেজ ছাত্রের বাবা শহিদুল ইসলাম, মামা মফিজুল হক, মামি কুলসুম বেগম ও স্থানীয় আশরাফুল ও আনছার আলী। নিহতের মামা মফিজুল হক ও মামি কুলসুম বেগম জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির লাশের মাথা কবিরাজী শাস্ত্রে না কি অনেক মূল্যবান। সেজন্য লাশটি চুরির আশঙ্কায় আমরা রাতদিন কবর পাহারা দিচ্ছি। এ ব্যাপারে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির কঙ্কালে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে না। এটা কুসংস্কার ও অযৌক্তিক। বজ্রপাতের সঙ্গে নিহত ব্যক্তির কঙ্কালের কোনো সম্পর্ক নেই।