কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কলাপাড়ার কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী কবির হোসেনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুয়াকাটার আবাসিক হোটেল পাঁচতারা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় পাচারকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত কবির হোসেন দীর্ঘদিন ধরে বণ্য প্রাণী পাচারের সঙ্গে জড়িত। কুয়াকাটার একটি সংঘবদ্ধ চক্রের কাছে এটি বিক্রির জন্য নিয়ে এসে পাঁচতারা হোটেলে অবস্থান নেয়। বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় কবির হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত পাঁচজনের নামে বণ্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।