শিবচরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে সানজিদা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সানজিদা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকার ওয়াসিম ফকিরের মেয়ে। শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামীয়া হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
চট্টগ্রাম অফিস নগরীর বাকলিয়া তুলাতলী এলাকায় কর্ণফুলি সংযোগ সড়কে বকেয়া বেতনের দাবিতে শনিবার সড়ক অবরোধ করেছে একটি কারখানার পোশাকশ্রমিকরা। এ সময় ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্থতায় উভয়পক্ষের বৈঠকে সমঝোতা হলে শ্রমিকরা কাজে যোগদান করেন। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নিড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে।
রংপুর বিভাগে করোনায় এক জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বিভাগের চার জেলায় শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে লালমনিরহাট জেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৮৮ জনের। বিভাগের চার জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৬৬৪ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে সভা
অভয়নগর (যশোর) সংবাদদাতা অভয়নগর রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি কাজী মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক বদরুজ্জামান, রিপোর্টাস ক্লাবের সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দবির উদ্দিন মোল্যা প্রমুখ।
কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার কৃষিপণ্যের পোস্ট-হ্যান্ডেলিং, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং বিষয়ক কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের জোরদারকরণ প্রকল্পের উপসচিব ও প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা।
পলাশবাড়ীতে দোকানমালিক সমিতির মানববন্ধন
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ী উপজেলা দোকানমালিক সমিতি শনিবার মানববন্ধন করেছে। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, মোটরমালিক সমিতির সদস্য আজাদুল ইসলাম আজাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন হয়। উপজেলা দোকানমালিক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দোকানমালিক সমিতির সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. সোবহান সরকার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা প্রমুখ। বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা আজাদুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সরাইলে শৌখিন মত্স্য শিকার প্রতিযোগিতা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার কলেজ দিঘিতে শুক্রবার দিনভর বড়শি (ছিপ) দিয়ে শৌখিন মত্স্য শিকার প্রতিযোগিতা হয়। সরাইল ডিগ্রি কলেজ পুকুর মত্স্যচাষ সমিতি নামের সংগঠনটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সরাইল উপজেলা সদরের বণিকপাড়ার শৈলেশ বিশ্বাস ৩ কেজি ৭৫০ গ্রাম ওজনের রুই মাছ শিকার করে প্রথম হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ টাকা। সন্ধ্যায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী।